রফিকুর রশীদ : জীবন ও শিল্প সাধনা আবদুল্লাহ আল আমিন sir Rofiqur roshid বাংলাদেশের কথাসাহিত্যে রফিকুর রশীদের আত্মপ্রকাশ সত্তর দশকের শেষ ভাগে পত্র পত্রিকায় গল্প লেখা দিয়ে। প্রথম প্রকাশিত গল্প ‘দুঃস্বপ্ন’ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় (অধুনালুপ্ত) ১৯৭৭ সালে ছাপা হয়। তারপর প্রবল অনুরাগ আর নিষ্ঠা নিয়ে সাড়ে তিন দশক ধরে লিখে চলেছেন। এই কাল পর্বে তিনি দু’হাত ভরে লিখেছেন অজ¯্র ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গান। তবে গল্প লিখতে ভালবাসেন বেশি। বলা যায় এসব কারণে তিনি বাংলাদেশের কথাসাহিত্যে ক্রমশ: অনিবার্য হয়ে উঠেছেন। দেশের প্রথম শ্রেণির অধিকাংশ দৈনিকের সাহিত্য সাময়িকী, জনপ্রিয় লিটলম্যাগ, ঢাকা-কলকাতার সাহিত্য পত্রিকায় তার লেখা নিয়মিত বের হচ্ছে। সত্তর দশকের শেষ দিকে লেখালেখি শুরু করলেও সাহিত্যিক হিসেবে পরিচিতি পান নব্বই দশকের প্রারম্ভে। বহুমাত্রিক সৃজন কুশলতার অধিকারী রফিকুর রশীদ নানা বিষয় নিয়ে লিখেছেন, তবে মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন অসংখ্য গল্প ও উপন্যাস। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, জসীমউদ্দীন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবরের জীবনালেখ্য নিয়ে সুন্দর সুন্দর গল্প লিখেছেন। ব...